যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারের মন্ত্রী-সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত অভিযান মুক্তিযুদ্ধকে বিজয়ের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ আব্দুল্লাহ আল-মামুন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ সব বীর সন্তান এবং স্বাধীনতার পর দেশসেবায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা স্মরণ করেন।
বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জাতীয় সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও দেশের অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতেও সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। একই সঙ্গে দেশের স্থলসীমা, সমুদ্রসীমা ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমান বাহিনী নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
পরে সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোমুগ্ধকর ব্যান্ড ড্রিল ও আকর্ষণীয় মহড়া পরিবেশিত হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে দিবসটির উদযাপনে যোগ হয় বিশেষ মাত্রা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।