দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ৩ লাখের বেশি মামলা, হাইকোর্টের সার্কিট বেঞ্চ চান আইনজীবীরা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০৭:২১ বিকাল
পঠিত : ১৯৫
চট্টগ্রামে ৩ লাখের বেশি মামলা, হাইকোর্টের সার্কিট বেঞ্চ চান আইনজীবীরা

ছবি

চট্টগ্রামের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। পর্যাপ্ত বিচারক ও আদালত না থাকায় মামলার জট দিন দিন বাড়ছে। কোনো কোনো মামলায় বছরে মাত্র এক থেকে দুইবার শুনানির তারিখ পাওয়া যাচ্ছে। এতে দীর্ঘায়িত হচ্ছে বিচারপ্রক্রিয়া, বাড়ছে বিচারপ্রার্থীদের ভোগান্তি। এ পরিস্থিতি থেকে উত্তরণে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন, বিচারকের সংখ্যা বৃদ্ধি এবং নতুন আদালত ভবন নির্মাণের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন। তিনি বলেন, চট্টগ্রাম আদালতে অবকাঠামোগত সংকট ও পর্যাপ্ত আদালতের অভাবে তিন লাখের বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আদালতগুলোতে মামলার অতিরিক্ত চাপ থাকায় অনেক ক্ষেত্রে বছরে মাত্র এক বা দুইবার শুনানির তারিখ পাওয়া যায়। ফলে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট ও বিচারকের সংখ্যা বাড়ানো জরুরি। পাশাপাশি দ্রুত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবন এবং মহানগর দায়রা জজ আদালত ভবন নির্মাণ করতে হবে। অন্যথায় বিচারব্যবস্থা আরও সংকটের মুখে পড়তে পারে।

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামসহ আশপাশের জেলার বিপুলসংখ্যক বিচারপ্রার্থীকে হাইকোর্টে বিচার পেতে ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন করা হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

সভায় আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধার সংকটের বিষয়টিও তুলে ধরা হয়। সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে প্রায় ১০ হাজার আইনজীবী রয়েছেন। তাঁদের অধিকাংশেরই নিজস্ব চেম্বার নেই। আইনজীবীদের পেশাগত কাজের পরিবেশ নিশ্চিত করতে দুটি চেম্বার ভবন নির্মাণের দাবি জানান তিনি।

আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা সীমিত। পুরো বিচার বিভাগের জন্য বরাদ্দ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। এই সীমিত সক্ষমতার মধ্যেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তবে আদালতের অবকাঠামো নির্মাণের মতো বিষয়গুলো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন মামলায় সরকারের পক্ষে ও বিপক্ষে রায় হয়েছে। বিচার বিভাগ স্বাধীন না হলে সরকারের বিপক্ষে রায় দেওয়া সম্ভব হতো না। বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বিশ্বব্যাপীই একটি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জেলা গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট কাশেম চৌধুরী, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, সমিতির সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সমিতির বিপুলসংখ্যক আইনজীবী সভায় অংশ নেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।