দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার সিডিডিএল পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি সিডিডিএলের সক্ষমতা ও কারিগরি দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সিডিডিএলে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান।
সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল। পরবর্তীতে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে এবং কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এরপর নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত সিডিডিএল দেশি-বিদেশি ১ হাজার ৩৬টি জাহাজ সফলভাবে মেরামত করেছে। পাশাপাশি কনটেইনার ভেসেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্তুন নির্মাণ করেছে। ড্রাই ডকিংয়ের পাশাপাশি ভাসমান অবস্থায়ও জাহাজ মেরামতের সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিডিডিএল। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরও বাড়বে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনের পথও আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি দেশের বিভিন্ন মৌলিক শিল্পখাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে সিডিডিএল। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল স্ট্রাকচার নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতি হিসেবে সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। পাশাপাশি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) সদস্যপদও পেয়েছে প্রতিষ্ঠানটি।
সিডিডিএলের বহুমুখী সক্ষমতা ও চলমান উন্নয়ন কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশের পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা, জাতীয় শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।