দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম থেকে খুলনা, ফের বদলির আদেশ ওসি আবদুর রহিমের

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১২:২৪ দুপুর
পঠিত : ৩৯
চট্টগ্রাম থেকে খুলনা, ফের বদলির আদেশ ওসি আবদুর রহিমের

ছবি

Degchibarictg

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে এবার খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের বিশেষ শাখা সিটিএসবিতে পদায়ন করা হয়েছিল। এবার সেখান থেকেও তাঁকে অন্যত্র বদলি করা হলো।

পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে আবদুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ১০ অক্টোবরের মধ্যে তাঁকে সিএমপি থেকে অবমুক্তির আদেশ নিতে হবে। অন্যথায় ১১ অক্টোবর থেকে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

গত ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত বদলির আদেশ জারি করা হয়। তবে আদেশের কাগজপত্র সিএমপি সদর দপ্তরে পৌঁছানোর পর শনিবার (১০ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়। এ আদেশের একটি অনুলিপি পাওয়া গেছে।

পুলিশের তালিকাভুক্ত অপরাধী হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য এবং নগর পুলিশের ভূমিকা নিয়ে আলোচনার মধ্যেই আবদুর রহিমের এই বদলির ঘটনা ঘটল।

গত ৭ অক্টোবর ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়ে পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন মেয়র শাহাদাত হোসেন। পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেয়রের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সিটিএসবিতে বদলি করা হয়। এবার সেখান থেকে তাঁকে খুলনায় পাঠানো হলো।

পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াকিল হোসেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বগা বা বিহারি বগা নামেও পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসংক্রান্ত অপরাধ ও মারধরের অভিযোগসহ ২১টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।