দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০৪:০৬ সকাল
পঠিত : ৭৪
চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন

ছবি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হয়েছে দুই জোড়া কমিউটার ট্রেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

নতুন চালু হওয়া ট্রেনগুলোর নাম দেওয়া হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকছে সাতটি করে কোচ। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিটি ট্রেনের পাঁচটি শোভন কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন রয়েছে। পাশাপাশি এসএলআর কোচে রয়েছে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।

নতুন সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ফিরতি ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

অন্যদিকে ২২৪ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

এদিকে নতুন ট্রেন চালুর সঙ্গে এ রুটে ভাড়াও বাড়ানো হয়েছে। আগে জনপ্রতি ভাড়া ছিল ১২ টাকা। তা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে। এতে যাত্রীসেবার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে নতুন ট্রেন চালুর পাশাপাশি রেলপথ সম্প্রসারণের দাবিও জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তাদের দাবি, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে বৃহত্তর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।