দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক শক্তির

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ ০৩:২০ দুপুর
পঠিত : ১৩০
চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক শক্তির

ছবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর, গণপরিবহন, ঘাট ও শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি, চট্টগ্রাম মহানগর। শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা হলে রাজপথে কঠোর প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ ও অভিষেক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক শক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাহাদাত হাছান সবুজ। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব ঋআজ মোরশেদ। এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক ফারুক হোসেন ও চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আমজাদ হোসেন।

লিখিত বক্তব্যে নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর, গণপরিবহন, ঘাট ও শিল্পাঞ্চলকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শ্রমিকদের কষ্টার্জিত অর্থ কোনো চাঁদাবাজ বা রাজনৈতিক প্রভাবশালীর পকেটে যেতে দেওয়া হবে না।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের কাছ থেকে আর এক টাকাও জোরপূর্বক আদায়ের চেষ্টা করা হলে জাতীয় শ্রমিক শক্তি চুপ থাকবে না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সদস্যসচিব ঋআজ মোরশেদ গার্মেন্টস মালিক ও শিল্পোদ্যোক্তাদের উদ্দেশে বলেন, শ্রমিকদের শ্রমে অর্জিত মুনাফা ভোগ করলেও তাঁদের ন্যায্য পাওনা, বকেয়া মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক ছাঁটাই, হয়রানি কিংবা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করার চেষ্টা হলে শ্রমিকদের সঙ্গে নিয়ে আইনি ও রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।

প্রশাসন ও মালিকপক্ষকে সতর্ক করে নেতারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। তাঁদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেওয়া না হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নবগঠিত জাতীয় শ্রমিক শক্তি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়।

আরএইচ  

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।