দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ০৯:০১ সকাল
পঠিত : ৫৬
চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে  কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক

ছবি

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানের তথ্য শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।

অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামের ২৫ জন, কুমিল্লার ২১ জন, চাঁদপুরের ১০ জন, লক্ষ্মীপুরের নয়জন, কক্সবাজারের পাঁচজন, ব্রাহ্মণবাড়িয়ার চারজন, নোয়াখালীর তিনজন, ফেনীর তিনজন, খাগড়াছড়ির দুজন এবং বান্দরবানের একজন রয়েছেন।

অন্যদিকে ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। জেলাটিতে ২২৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।