দক্ষিণ পূর্ব

চন্দনাইশে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত লুকালো কর্মকর্তারা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০১:২৬ দুপুর
পঠিত : ৬৫
চন্দনাইশে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত লুকালো কর্মকর্তারা

ছবি

চট্টগ্রামের চন্দনাইশে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটক লক্ষ্য করে পেট্রলজাতীয় পদার্থভর্তি জ্বলন্ত বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে ঘটনার পর অগ্নিসংযোগের আলামত নষ্ট করার অভিযোগ উঠেছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে।ঘটনাস্থলে রং করার চিহ্ন ও ভাঙা বোতলের কাচ পাওয়া গেলেও ব্যাংক কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখাতে পারেননি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চন্দনাইশ পৌরসভার থানার উত্তর পাশে জোয়ারা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। শাখা ব্যবস্থাপক মুক্তার আহমদ জানিয়েছেন, এতে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর আগুন নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর ফেসবুক আইডি থেকে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচার ও নানা প্রতিক্রিয়াও দেখা যায়।
খবর পেয়ে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের উল্লেখযোগ্য কোনো আলামত দেখতে পাননি বলে জানান। তাঁদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে আগুন নিক্ষেপের আলামত সরিয়ে ফেলা হয়েছে। যে স্থানে আগুন নিক্ষেপ করা হয়েছিল বলে অভিযোগ, সেখানে রং করার চিহ্নও দেখা গেছে। ব্যাংকের সামনে পড়ে থাকতে দেখা যায় একটি পেপসি বোতলের ভাঙা কাচ ও রং করার ব্রাশ।
সাংবাদিকেরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কর্মকর্তারা জানান, সিসিটিভি ব্যবস্থার সেটআপ এখনো সম্পূর্ণ হয়নি। ফলে ঘটনার সময়ের কোনো ফুটেজ তাঁরা দেখাতে পারেননি।
এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মুক্তার আহমদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হন। তবে বাইরে তেমন কিছু দেখতে পাননি। কাউকেও শনাক্ত করতে পারেননি।
তিনি আরও বলেন, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করেননি। তবে বিষয়টি জোনাল অফিসকে জানানো হয়েছে। 
আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।