দক্ষিণ পূর্ব

চন্দনাইশে সন্ত্রাসী আলমগীরকে ধরতে গিয়ে হামলার মুখে এসআরবি , গ্রেপ্তার ৫

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৬:৩৮ সকাল
পঠিত : ৩৩
চন্দনাইশে সন্ত্রাসী আলমগীরকে ধরতে গিয়ে হামলার মুখে এসআরবি , গ্রেপ্তার ৫

ছবি

চট্টগ্রামের চন্দনাইশে ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এ ঘটনায় বাহিনীর চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে এসআরবি। হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র।

এসআরবি-৭-এর সংবাদ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় এ অভিযান চালানো হয়। বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীর সেখানে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসআরবির একটি দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে আলমগীর চিৎকার করে তাঁর দলের ৪০ থেকে ৫০ জনকে জড়ো করেন। পরে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা আরও মারমুখী হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র ও গোলাবারুদ রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এসআরবি সদস্যরা।

এ ঘটনায় প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) ও আজিজুর রহমান সবুজ (২১)।

পরে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চন্দনাইশের উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ প্রকাশ নবাব মিয়া (৩৪)।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে দুটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।