দক্ষিণ পূর্ব

হলের গেটে শিক্ষার্থীদের তালা

চবিতে প্রভোস্টসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অপর এক শিক্ষার্থীর মামলা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ০৮:০৭ সকাল
পঠিত : ৩
চবিতে প্রভোস্টসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অপর এক শিক্ষার্থীর মামলা

ছবি

Degchibarictg

চবি প্রতিনিধি

প্রভোস্টসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অপর এক শিক্ষার্থীর মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের মেইন গেটে তালা দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হলের মেইন গেটে তালা দেন তাঁরা।

হলের আবাসিক ছাত্র ও রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রুবেল রানা হল প্রভোস্ট ও ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি জানাজানি হওয়ার পরই আবাসিক শিক্ষার্থীরা হলের মেইন গেটে তালা দেন।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর হলে ভলিবল খেলা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে রুবেল রানার সঙ্গে হলের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে হলের আবাসিক শিক্ষার্থী ও স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আজাদসহ কয়েকজন শিক্ষার্থী তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন রুবেল রানা। ৩ সেপ্টেম্বর সকালে আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ তাঁর গায়ে হাত তুলেছেন বলেও তিনি অভিযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হল প্রভোস্ট, হল প্রশাসন, হল সংসদ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ঘটনার সমাধান করা হয়। এ সময় রুবেল রানা মুচলেকা দেন।

এ ঘটনায় রুবেল রানা গত ৯ সেপ্টেম্বর রাতে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৩ সেপ্টেম্বর তিনি চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে হল প্রভোস্ট অধ্যাপক ড. মনিরুল হাসান চৌধুরী, স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আজাদ, মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত, আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ ও পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী পলাশ দাসকে। মামলায় তাঁদের বিরুদ্ধে অনলাইন বুলিং, মারধর ও গালিগালাজের অভিযোগ আনা হয়েছে।

তবে মঙ্গলবার রাতে মামলা দায়েরের বিষয়টি জানাজানি হলে আমানত হলের আবাসিক শিক্ষার্থীরা হলের মেইন গেটে তালা দেন। 

মামলার বিষয়ে আবাসিক শিক্ষার্থীরা জানান, রুবেল রানা বিভিন্ন সময়ে হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বুলিং করেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তিনি তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁর রুমমেটসহ হলের আবাসিক শিক্ষার্থীরা তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ। শিক্ষার্থীদের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। তিনি মিথ্যা অপবাদ দিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন।

ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে দীর্ঘ ৩ ঘন্টার পরে রাত দেড়টার দিকে হলের গেইটের তালা খুলে দেওয়া হয়। এসময় ঘটনাস্থলে শাহ আমানত হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে আমানত হলের আবাসিক শিক্ষার্থী ও মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত বলেন, “তিনি হলের শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে চলতে পারেন না। তাঁর বিরুদ্ধে সব শিক্ষার্থী নিয়মিত অভিযোগ দেন। তিনি মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এই মামলা প্রত্যাহার চাই। এ ঘটনায় তাঁর উপযুক্ত শাস্তি চাই।”

আমানত হলের আবাসিক শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “রুবেল রানার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে। তিনি বিভিন্ন সময়ে হলের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে সবাইকে বিরক্ত করেন। তাঁর সঙ্গে সবার প্রতিনিয়ত ঝামেলা লেগে থাকে। শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা এড়াতে তাঁকে একটি সিঙ্গেল রুম দেওয়া হয়েছে। কিন্তু তিনি নতুন করে ঝামেলা তৈরি করছেন।”

মামলাকারী রুবেল রানা বলেন, “আমাকে জুনিয়র দিয়ে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আমি কারও কাছে কোনো বিচার পাচ্ছি না। আমি হলে নিরাপদ বোধ করছি না। তাই আমি মামলা করেছি।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, “আমানত হলে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা প্রক্টরিয়াল বডি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। অভিযুক্তকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। হলের আবাসিক শিক্ষার্থীদের শান্ত করে তালা খোলার ব্যবস্থা করেছি। এ ঘটনায় পরে ব্যবস্থা নেওয়া হবে।”

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।