দক্ষিণ পূর্ব

চবিতে হল-অনুষদে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৯:২৬ সকাল
পঠিত : ৩০
চবিতে হল-অনুষদে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের

ছবি

Degchibarictg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল ও সকল অনুষদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাত্রদল মনোনীত চাকসু-২৫-এর জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া এক স্মারকলিপিতে তিনি এ দাবি জানান।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন অনুষদ, বিভাগ, গ্রন্থাগার, প্রশাসনিক ভবনসহ অন্যান্য স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানো, প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশদূষণ কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা হলে তা পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনা, দৈনন্দিন জীবনযাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শ্রেণিকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেও সৌরবিদ্যুৎ কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর ছাদের উপযোগিতা, বিদ্যুতের চাহিদা, কারিগরি সক্ষমতা ও সম্ভাব্য ব্যয় বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের আগে কয়েকটি আবাসিক হল ও অনুষদে পরীক্ষামূলকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথাও উল্লেখ করা হয়।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল, সরকারি বরাদ্দ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহায়তায় অর্থায়নের সুযোগ অনুসন্ধানের প্রস্তাব দেওয়া হয়েছে। উৎপাদিত সৌরবিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহারের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বানও জানানো হয়।

স্মারকলিপিতে প্রকল্পের বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের প্রস্তাব রাখা হয়েছে।

স্মারকলিপিতে চবি ছাত্রদল নেতা শাফায়াত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি সবুজ, জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।