চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসংলগ্ন এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিএমসি ক্যাফেতে ফ্রিজের মধ্যে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা তরকারি সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, রান্না ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যান্টিনেও অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, রান্না ও পরিবেশন করা হচ্ছিল। পাশাপাশি দইয়ের মেয়াদ ব্যবহারের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্যতালিকা না থাকা এবং ডাবের দাম বেশি রাখার অভিযোগে মেডিকোপ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিদেশি অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে জেবিএল সার্জিক্যাল ইউনিট-২-কে ২৫ হাজার টাকা এবং একই ধরনের অনিয়মের কারণে স্বপ্না মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাসপাতালসংলগ্ন এলাকায় খাদ্য ও ওষুধ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং পণ্যের মূল্য নিয়ে অনিয়ম পাওয়া গেছে। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, ওষুধ বিক্রির আগে মেয়াদ ও অনুমোদন যাচাই এবং পণ্যের সঠিক মূল্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।