চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চকবাজার থানার চাঁদাবাজির একটি মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত এ আদেশ দেন।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, চকবাজার থানার একটি চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া একই থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত সেটিও মঞ্জুর করেন।
এদিকে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শুনানি শেষে পুলিশ তাঁকে নিয়ে যায়।
এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।