চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে সফল হতে হলে রোগীদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মানবসেবার মহান ব্রত। একজন চিকিৎসকের প্রকৃত সাফল্য শুধু ডিগ্রি, দক্ষতা কিংবা পদমর্যাদায় নয়, বরং রোগীর প্রতি তাঁর আচরণ, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে প্রকাশ পায়।
রোববার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীন চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন চিকিৎসকদের উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাশাস্ত্রে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। রোগীরা চিকিৎসকের কাছে শুধু ওষুধ বা চিকিৎসাসেবা নিতে আসেন না, তাঁরা ভরসা ও আশ্রয়ও খোঁজেন। তাই রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁর শারীরিক ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া এবং সম্মান ও সহমর্মিতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া প্রত্যেক চিকিৎসকের নৈতিক দায়িত্ব। রোগীর আর্থিক কিংবা সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার প্রতি সমান মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। এ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা, গবেষণা এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় ও অর্জিত জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। পেশাগত জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগতভাবে কাজ করার মানসিকতা ও নৈতিকতা বজায় রাখাও জরুরি।
ইন্টার্নশিপকে চিকিৎসকের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, এ সময়ের অভিজ্ঞতাই ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। হাসপাতালে দায়িত্ব পালনের ক্ষেত্রে রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান ও পেশাগত শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একজন চিকিৎসকের আন্তরিক কথা রোগীকে মানসিক শক্তি জোগাতে পারে। বিপরীতে অসৌজন্যমূলক আচরণ তাঁর কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে। তাই দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দক্ষ, নৈতিক ও মানবিক চিকিৎসকের বিকল্প নেই। চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থা তৈরি হলে চিকিৎসাসেবা আরও কার্যকর হয়। নবীন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডা. রক্তিম চৌধুরী তুর্য ও ডা. সিদরাতুল মুনতাহা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক এবং বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম লিটন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট প্রধান অধ্যাপক ডা. মনোজ কুমার, ইন্টার্ন কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক ডা. ইমরোজ উদ্দীন, নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ড্যাবের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-ডক্টরস ওয়েলফেয়ার সম্পাদক ডা. মো. সাদ্দাম হোসেন, অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. মোনায়েম ফরহাদ ও ডা. আসিফ মহারাজ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।