দক্ষিণ পূর্ব

চিকিৎসা ও শিক্ষায় অসচ্ছল মানুষের পাশে থাকবে জেলা পরিষদ: মাহবুবের রহমান শামীম

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৮:০৭ সকাল
পঠিত : ২৮
চিকিৎসা ও শিক্ষায় অসচ্ছল মানুষের পাশে থাকবে জেলা পরিষদ: মাহবুবের রহমান শামীম

ছবি

Degchibarictg

আর্থিক সংকটে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন কিংবা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, সে লক্ষ্যে অসচ্ছল মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে জেলা পরিষদ। এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সেমিনার কক্ষে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক সংকটের কারণে কেউ যেন সমস্যায় না পড়েন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা পরিষদের পক্ষ থেকে আগেও অসচ্ছল মানুষের মধ্যে এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি এক থেকে দুই মাস অন্তর এ ধরনের সহায়তা কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে কেউ যেন নিজেকে ছোট মনে না করেন। প্রয়োজনে জেলা পরিষদের কাছে আসতে হবে। সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ধরনের উদ্যোগের পাশাপাশি সমাজের আরও বেশি মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, দুর্যোগ কিংবা উৎসব—সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে চট্টগ্রাম জেলা পরিষদ। বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করাকে জেলা পরিষদ দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে নিয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো ক্ষেত্রে সম্ভব না হলে রাষ্ট্র ও সরকার মানুষের পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই অঙ্গীকার নিয়ে কাজ করছে। সরকারের অংশ হিসেবে জেলা পরিষদও জনকল্যাণে ভূমিকা রাখছে। জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম দায়িত্বের জায়গা থেকে মানুষের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করছেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সহায়তা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।