দক্ষিণ পূর্ব

চুক্তির পর বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটালে আইনি ব্যবস্থা: বন্দর কর্তৃপক্ষ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০৭:২৭ সকাল
পঠিত : ৩২
চুক্তির পর বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটালে আইনি ব্যবস্থা: বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর

Degchibarictg

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি স্বাক্ষরের আগে বন্দরের সার্বিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জরুরি চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সব বিভাগীয় প্রধানকে নিজ নিজ দায়িত্বে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, বন্দরের পরিচালন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে।

চুক্তি স্বাক্ষরকে ঘিরে বন্দর শ্রমিক, বিভিন্ন শ্রমিক সংগঠন ও বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণার পর এই সতর্কবার্তা দেওয়া হলো। এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্দরের পণ্য ওঠানামা, জাহাজ চলাচল, কনটেইনার পরিবহনসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগগুলোকে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিটি চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ এ টার্মিনালের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে কোনো ধরনের কর্মসূচির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হলে এর প্রভাব পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে সরকার বলছে, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অপারেটরের মাধ্যমে এনসিটি পরিচালিত হলে টার্মিনালের দক্ষতা ও সক্ষমতা বাড়বে। প্রস্তাবিত চুক্তির আওতায় ১৫ বছরের জন্য এনসিটির পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর ও পরবর্তী সময়ে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনকে উচ্চ সতর্কতায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের অপারেশনাল বিঘ্নের ক্ষেত্রে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।