দক্ষিণ পূর্ব

চুয়েটের সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে রিজভীর কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ ০৩:২১ দুপুর
পঠিত : ৩৬
চুয়েটের সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে রিজভীর কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

ছবি

Degchibarictg

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তাঁর হাতে স্মারকলিপি তুলে দেয়। এ সময় চুয়েটে দীর্ঘদিন ধরে চলমান প্রশাসনিক অচলাবস্থা, একাডেমিক কার্যক্রমের স্থবিরতা এবং উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তাঁরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সাবেক উপাচার্যের পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সমন্বয়হীনতা দেখা দিয়েছে। রুটিন দায়িত্ব ও সাময়িক সিদ্ধান্তের ওপর নির্ভর করে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। এতে শিক্ষার্থীদের সেশনজটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও সুশাসন ফিরিয়ে আনতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান তাঁরা।

শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর রুহুল কবির রিজভী তাঁদের সুশৃঙ্খল ও অহিংস আন্দোলনের প্রশংসা করেন। কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা ছাড়াই দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ঢাকায় ফিরে সরকারের সর্বোচ্চ পর্যায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চুয়েটের সংকট নিরসনে ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদান শেষে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে তাঁদের মূল দাবি তুলে ধরে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের বক্তব্য শুনেছেন। তাঁর উদ্যোগে সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে তাঁরা আশাবাদী।

উল্লেখ্য, সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এর আগে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছেও স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।