দক্ষিণ পূর্ব

চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২০ দুপুর
পঠিত : ৩১
চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি চুয়েট

নিজস্ব প্রতিবেদক 

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহীদ মিনার থেকে স্বাধীনতা চত্বরের দিকে যায়। পরে সেখান থেকে ঘুরে আবার শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকের মাথা, কপাল ও চোখে কালো কাপড় বাঁধা ছিল। তাঁরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই জবাব দাও’, ‘প্রশাসন অন্ধ কেন, জবাব চাই জবাব দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা নয় দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাঁদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে প্রশাসনের ‘নীরবতা’ ও ‘উদাসীনতার’ প্রতীকী প্রতিবাদ হিসেবে চোখ ও মাথায় কালো কাপড় বেঁধে মিছিল করেছেন তাঁরা।

মিছিলে অংশ নেওয়া স্থাপত্য বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা সামিহা বলেন, ‘সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে আজ আমাদের আন্দোলনের নবম দিন। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই আজ মাথা, কপাল ও চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছি। এটি আমাদের প্রতীকী প্রতিবাদ।’

এদিকে একই দাবিতে চুয়েটে টানা নবম দিনের মতো শাটডাউন চলছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বুধবারও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি মো. একরাম বলেন, ‘আমরা আমাদের দাবিতে কর্মবিরতি পালন করে যাচ্ছি। প্রতিদিনই অবস্থান কর্মসূচি হচ্ছে। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সভা করে তা জানানো হবে।’

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ধারাবাহিকভাবে বিক্ষোভ, অবস্থান, শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।