দক্ষিণ পূর্ব

চোর সন্দেহে ধরে নিয়ে দুই ঘণ্টা নির্যাতনের পর মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৮:৫৩ সকাল
সর্বশেষ আপডেট : ২ সপ্তাহ আগে
পঠিত : ৪৯
চোর সন্দেহে ধরে নিয়ে দুই ঘণ্টা নির্যাতনের পর মৃত্যু

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একটি মাঠে মারধরের পর গুদামে আটকে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতন করা হয় তাকে। পরে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরের দক্ষিণ পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত মোবারক ইসলাম আব্দুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। একসময় তাদের পরিবার দক্ষিণ পতেঙ্গার লালদিয়ার চরে বসবাস করত। সরকারি উচ্ছেদের পর গত চার বছর ধরে তারা চরপাড়ায় নানাবাড়িতে থাকছেন।

স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শী শাহ আলমের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এভারগ্রিন কটন ফ্যাক্টরির সামনে থেকে মোবারককে চোর সন্দেহে কয়েকজন ধরে নিয়ে যায়। পরে একটি মাঠে নিয়ে বাঁশ ও তার দিয়ে তাকে মারধর করা হয়। সেখান থেকে একটি গুদামে নিয়ে হাত-পা তার দিয়ে বেঁধে চলে নির্যাতন।

তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে মোবারকের ওপর নির্যাতন চালানো হয়। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের দিকেও তেড়ে আসেন। পরে বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় মোবারককে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা আমেনা বেগম জানান, তার ছেলে আগে একটি পোশাক কারখানায় কাজ করতেন। বর্তমানে নিয়মিত বাবার চায়ের দোকানে বসতেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হন তিনি। পরে ছেলেকে নির্যাতন করে হত্যার খবর পান।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক একজনকে গ্রেপ্তার করে। মামলার বাকি তিন আসামি পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।