দক্ষিণ পূর্ব

ছাত্রলীগকর্মী সাগর হত্যায় দণ্ডিত সুমন চার বছর পর গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ ০২:১২ দুপুর
পঠিত : ৭৯
ছাত্রলীগকর্মী সাগর হত্যায় দণ্ডিত সুমন চার বছর পর গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগকর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায় ঘোষণার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সুমনকে নগরের ২ নম্বর গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।

গ্রেপ্তার সুমন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে মামুনুর রশিদ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আবদুল আজিজ নামের আরেক ছাত্রলীগকর্মী গুরুতর আহত হন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাগরের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২০ এপ্রিল রায় পায়। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।

রায়ে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতার দায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন সুমন।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, মামুন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।