চবি প্রতিনিধি
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩ জন গুণী শিক্ষক সম্মাননায় ভূষিত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানে তাদের ভূষিত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের মধ্যে গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী (মরণোত্তর), সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও লোকপ্রশাসন বিভাগের পরিচালক প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ এই পুরস্কারে ভূষিত হন।
চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.জি.এম. নিয়াজ উদ্দিন বলেন, আমাদের সম্মানিত তিনজন শিক্ষক গুণী শিক্ষকের সম্মাননায় ভূষিত হন। জেনে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য গর্বের বিষয়। এই তিনজন শিক্ষকের মধ্যে প্রফেসর ড. জামাল নজরুল স্যার আন্তর্জাতিক মানের গবেষক এবং পরিচিত মুখ ছিলেন। আবার কেউ ভালো একাডেমিশিয়ান। আমি তাদের সফলতা কামনা করি।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়।
১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেসকোর অনুমোদনক্রমে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।