দক্ষিণ পূর্ব

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, প্রস্তুত ১৮৫ কেন্দ্র

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০৭:১৯ বিকাল
পঠিত : ৩৮
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, প্রস্তুত ১৮৫ কেন্দ্র

ছবি

Degchibarictg

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ। প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এখন প্রার্থী ও ভোটারদের অপেক্ষা ভোটের। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল ৮টায় নির্বাচনী প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হয়। এরপর থেকে নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মাইকিং বন্ধ রয়েছে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টা থেকে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু করে জেলা নির্বাচন কার্যালয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন।

ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পুরুষের তুলনায় নারী ভোটার ১ হাজার ১৮৪ জন বেশি।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, নির্বাচনে কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নির্বাচনের ফলাফল যে পক্ষের অনুকূলে যাক না কেন, সবাই তা মেনে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে প্রস্তুত রয়েছে বিজিবি। বাহিনীটির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানান, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে আসা এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম গতকাল বুধবার ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রচারণা শেষ হওয়ায় প্রার্থীদের আর ভোটারদের কাছে গিয়ে প্রচারের সুযোগ নেই। এখন ভোটারদের উপস্থিতি, ভোটগ্রহণের পরিবেশ ও ফলাফলের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট সবার। আজকের ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী জনপ্রতিনিধি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।