ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের রাতে নয়জন ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের পরিবর্তে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রের জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসা কেন্দ্রের আব্দুল জব্বার।জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই নয়জনকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটের ঠিক আগমুহূর্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহারের ঘটনায় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।