চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা পুলিশের এক সোর্সকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় তিন অস্ত্রধারী। এতে গুরুতর আহত হয়েছেন আবছার চৌধুরী (৪০)। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের উত্তর পাশে দিঘিরপাড় এলাকায় নিজের ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, আলোচিত সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগীদের ধরিয়ে দেওয়ার জেরে আবছারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
আহত আবছার একই এলাকার সাফায়াত হোসেন ওরফে শাবু চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নিজের দোকানে বসে ছিলেন আবছার। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবছারকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রের দাবি, আলোচিত সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগীদের ধরিয়ে দেওয়ার ঘটনায় আবছার দুর্বৃত্তদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। ওই ঘটনার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আবছার পুলিশের সোর্স হিসেবে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। সে কারণেই তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে। হামলাকারীরা শটগান দিয়ে দুই রাউন্ড এবং নাইন এমএম পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়েছে। এতে তাঁর উরুতে এক রাউন্ড ও হাতে দুই রাউন্ড গুলি লাগে। এ ছাড়া গুলির ছররা তাঁর বুকেও আঘাত করেছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি মূলত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।