সায়েম মাহমুদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক সম্পত্তির বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে এক কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগকারী ও অভিযুক্তের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।
অভিযোগকারী ঐশি দে জানান, বিয়ে না হওয়ায় পৈতৃক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ দাবি করেছিলেন তিনি। কিন্তু তাঁর ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন। এ নিয়ে ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে।
ঐশির দাবি, বিষয়টি সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দেকে দায়িত্ব দেন। বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে শ্যামল দে তাঁকে হোয়াটসঅ্যাপে লেখেন, ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই।’
ঐশির অভিযোগ, এমন প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর পারিবারিক বিরোধের সমাধান হয়নি। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক সপ্তাহ আগে রাতে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
এদিকে অভিযোগ সামনে আসার পর শ্যামল দের অতীত কর্মস্থল ধলঘাট ইউনিয়নের গৈড়লা উচ্চ বিদ্যালয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেখানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত একটি ঘটনায় স্থানীয় লোকজন তাঁকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন শ্যামল দে। তিনি বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে ঐশির পারিবারিক বিরোধ সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। তবে ঐশির মা ও ভাই তাঁর প্রস্তাবিত সমাধানে রাজি না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
বিরোধ মীমাংসার বিনিময়ে ঐশির সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেন তিনি। ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের কথোপকথনও হয়নি বলে জানান শ্যামল দে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হোয়াটসঅ্যাপের কথিত স্ক্রিনশট ফরেনসিক পরীক্ষায় সত্য প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মেনে নেবেন। একই সঙ্গে গৈড়লা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত কোনো ঘটনা কিংবা স্থানীয়দের বাধার মুখে পড়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।
অন্যদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন ঐশি দে। এর আগে প্রায় ১০ থেকে ১২ দিন আগেও সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। সর্বশেষ সংবাদ সম্মেলনে শ্যামল দের দেওয়া স্ক্রিনশট ফরেনসিক ল্যাবে পরীক্ষার চ্যালেঞ্জকে স্বাগত জানান ঐশি।
তিনি বলেন, শ্যামল দের প্রস্তাবে রাজি না হওয়ায় মূলত তাঁর পারিবারিক বিরোধের সমাধান হয়নি। শ্যামল দে ও তাঁর বাড়ি একই ইউনিয়নে। তাঁকে চাচা বলে সম্বোধন করতেন ঐশি। ফলে তাঁর কাছ থেকে এমন প্রস্তাব কখনো প্রত্যাশা করেননি বলে জানান তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।