দক্ষিণ পূর্ব

থানচির পাহাড়ি সড়কে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০২:১২ দুপুর
পঠিত : ৩৪
থানচির পাহাড়ি সড়কে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী একটি ‘চাঁদের গাড়ি’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তিন্দুবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. জসীম ও মো. জিয়াবুল। তাঁদের বাড়ি কক্সবাজারের খুটাখালী এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতরা হলেন মো. রাসেল, লিটন শিকদার, কাদের হোসেন, শাহজালাল হোসেন ও মো. লিটন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, আটজনের পর্যটক দলটি একটি চাঁদের গাড়িতে করে আলীকদম থেকে তিন্দুবাজারের দিকে যাচ্ছিল। তিন্দুবাজারের প্রায় আধা কিলোমিটার আগে খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন্দু বিজিবি ক্যাম্প থেকে প্রায় ৬০০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিন্দু ইউনিয়ন পরিষদের সদস্য ক্রানি অং মারমা জানান, খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।