চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভেতরে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে থানার প্রধান ফটকের ভেতরে গাড়ি রাখা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার প্রধান ফটকের ভেতরে গাড়ি রাখা নিয়ে পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামের সঙ্গে যুবদল নেতা ইসমাইল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এতে শফিকুল ইসলাম আহত হন।
পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ইসমাইল হোসেনকে আটক করে পুলিশ।
ইসমাইল হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়লে রাতেই সীতাকুণ্ড থানার সামনে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং আটক নেতাকে ছেড়ে দেওয়ার দাবি জানান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।