চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনায় আসছে পরিবর্তন। দীর্ঘ ছয় বছর পর টার্মিনালটির দায়িত্ব ছাড়ছে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। নতুন অপারেটর হিসেবে দায়িত্ব পাচ্ছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। আগামী ছয় মাস প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনা করবে।
সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে নিয়োগের অনুমোদন দিয়েছে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়েছে, সিসিটি এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত পণ্য ওঠানামার কার্যক্রম পরিচালনায় সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরদিন দরপত্র কেনার শেষ সময় এবং ১৯ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়। মাত্র দুই দিনের এই প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
প্রতিষ্ঠানগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস, বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার, শামীম এন্টারপ্রাইজ এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এর মধ্যে ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয় এভারেস্ট। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার প্রস্তাব করে ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা। দুই প্রতিষ্ঠানের দরপার্থক্য ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা।
এভারেস্ট পোর্ট সার্ভিসেসের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
অংশ নেওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা এবং শামীম এন্টারপ্রাইজ ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা দর প্রস্তাব করে। তবে প্রতিষ্ঠান দুটি বাধ্যতামূলক ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানত জমা দেয়নি বলে অভিযোগ রয়েছে। তাদের কনটেইনার হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, দরপত্রে অংশ নেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগ করেছে বিদায়ী অপারেটর সাইফ পাওয়ারটেকও। প্রতিষ্ঠানটির দাবি, ১৮ নভেম্বর দরপত্রের শিডিউল কেনার জন্য আবেদন করলেও দাপ্তরিক প্রক্রিয়া ও ব্যাংকের লেনদেনের সময়সীমা পার হয়ে যাওয়ায় তা সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে বন্দর চেয়ারম্যানের কাছে দরপত্র জমার সময় ১০ দিন বাড়ানোর আবেদন করা হলেও সাড়া মেলেনি।
এসব অভিযোগের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি ক্রয়বিধি অনুসরণ করেই সীমিত দরপত্র পদ্ধতিতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দরপত্র মূল্যায়নের জন্য বন্দর সদস্যের (প্রকৌশল) নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির মূল্যায়নে সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে নিয়োগের সুপারিশ করা হলে মন্ত্রণালয় তাতে অনুমোদন দেয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, সাইফ পাওয়ারটেককে তিন সপ্তাহের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সোমবার সেই মেয়াদ শেষ হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ যাতে অচল হয়ে না থাকে, সে জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো বিষয় নেই। নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস সিসিটি পরিচালনা করবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস।
উল্লেখ্য, গত ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সিসিটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের আরও তিন সপ্তাহ দায়িত্ব দেওয়া হয়েছিল।
৪৫০ মিটার দৈর্ঘ্যের সিসিটি জেটিতে একই সময়ে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানামা করা যায়। বন্দরের কনটেইনার পরিবহনে গুরুত্বপূর্ণ এই টার্মিনালের পরিচালনায় নতুন প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ায় এখন নজর থাকবে তাদের কার্যক্রম ও সেবার মানের দিকে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।