ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন দুবাইফেরত এক যাত্রী। তাঁর পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু এবং পরিহিত অন্তর্বাসে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি। এর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই যাত্রীর ওপর নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর পায়ুপথে সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে।
পরবর্তী সময়ে তাঁর পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক হাজার গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য ও নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হবে। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়া হতে পারে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।