আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের সভাপতিত্বে সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি, চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ছোটখাটো বিরোধ যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেজন্য তাৎক্ষণিকভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার পাশাপাশি বিভ্রান্তিকর কোনো তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।
নারী ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ সহায়তা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলা এবং মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের জন্যও অনুরোধ করা হয়।
সভায় বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, স্থানীয় পরিস্থিতি, সম্ভাব্য সমস্যা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আর /
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।