চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকলেও নাগরিক সেবা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ জন্য ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নাগরিক হয়রানি ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক।
সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়ার্ড সচিবদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, নির্বাচিত কাউন্সিলর না থাকায় ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা অব্যাহত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের কার্যক্রমে ওয়ার্ড সচিবদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শুধু কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করলেই হবে না, নিজ নিজ এলাকার সমস্যা সরেজমিনে চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হতে হবে।
জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান ও নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে নাগরিকদের ভোগান্তির অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিয়মিত সেবা পেতে মানুষকে হয়রানির শিকার হতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওয়ারিশান সনদের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগতে পারে। তবে কোনো সেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব করা যাবে না। নাগরিকদের সঙ্গে ভালো ব্যবহার করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে।
দায়িত্বে অবহেলার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, কোনো ওয়ার্ড সচিবের বিরুদ্ধে নাগরিক হয়রানি কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগ দেখতে চান না তিনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। মানুষকে হয়রানি নয়, বরং সহযোগিতা করাই হবে মূল লক্ষ্য।
ওয়ার্ড সচিবদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, এলাকার সড়ক ভাঙাচোরা কি না, কোথাও খানাখন্দ রয়েছে কি না, কোন সড়ক সংস্কার বা নতুন করে নির্মাণ করা প্রয়োজন, সেসব বিষয়ে খোঁজ রাখতে হবে। ঠিকাদারদের কাজের মানও পর্যবেক্ষণ করতে হবে। কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করলে কিংবা কাজ অসমাপ্ত রেখে চলে গেলে তাৎক্ষণিকভাবে প্রকৌশল বিভাগকে জানাতে হবে।
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও ওয়ার্ড সচিবদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। কোথাও ময়লা-আবর্জনা জমে আছে কি না, নিয়মিত বর্জ্য অপসারণ হচ্ছে কি না এবং নালা-নর্দমা পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সড়কবাতি নষ্ট হলে কিংবা নতুন বাতি ও বৈদ্যুতিক খুঁটির প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।
মশকনিধন কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, প্রতিটি ওয়ার্ডে সকালে লার্ভিসাইড ও বিকেলে অ্যাডাল্টিসাইড প্রয়োগের কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। কোথাও মশার উপদ্রব বাড়লে কিংবা ওষুধ ছিটানোর কাজে ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোনো ধরনের অবহেলা করা যাবে না।
তিনি আরও বলেন, ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সচিব এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। কাউন্সিলর না থাকলেও নগরবাসী যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাঁদের প্রাপ্য নাগরিক সেবা পান, সেটিই নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং মেয়রের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।