চট্টগ্রাম নগরের ছোটপুল এলাকা থেকে পুলিশের সরকারি টহল গাড়ি চুরির কয়েক ঘণ্টার মধ্যে সেটি উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ছোটপুলে পুলিশ লাইন্স-সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি টহল গাড়ি (সিএমপি-১৮০) রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর সেখানে পাননি তারা। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। এতে দেখা যায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে যাচ্ছেন।
ঘটনার পর হালিশহর থানা পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় করে নগরজুড়ে তল্লাশি ও চেকপোস্ট জোরদার করে। পুলিশের বিশেষ তৎপরতায় সন্ধ্যায় কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
পরে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালিয়ে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়ে থাকতে পারে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।