চট্টগ্রাম নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ একটি ভবনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ভবনটিতে বসবাসকারী তিন পরিবারকে এক সপ্তাহের মধ্যে বাসা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাসা না ছাড়লে উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ২ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা পারভিন তানিয়া। এ সময় তিনি ভবনটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন।
জানা গেছে, নাছিরাবাদ হাউজিং সোসাইটির ওই সরকারি ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি খালি করার জন্য গণপূর্ত বিভাগ থেকে মোহাম্মদ ইদ্রিছকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি বাসা ছাড়েননি। বর্তমানে তার সঙ্গে আরও দুটি পরিবার ভবনটিতে বসবাস করছে।
চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জিতু দক্ষিণ বলেন, আগে থেকেই ‘ ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনটি ছাড়ার জন্য বলা হলেও তারা ভবন ছাড়েনি। ‘মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা পারভিন তানিয়া সরেজমিনে সেখানে যান। তিনি তাদের এক সপ্তাহ সময় দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বাসাটি ছেড়ে দিতে বলা হয়েছে।’
তিনি বলেন, আমরা সেখানে ঝুঁকিপূর্ণ ভবনের সাইনবোর্ডও লাগিয়ে দেব। কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
মনিরুজ্জামান জিতু আরও বলেন, ‘উনি যে সেখানে আছেন, এ বিষয়ে সরকারের কোনো রাজস্বও আসছে না। আবার আমরা প্রকল্পের কাজও করতে পারছি না। ফলে সরকারের কোটি টাকার সম্পত্তি পড়ে আছে এবং প্রকল্পের কাজও ব্যাহত হচ্ছে।’
তিনি জানান, ভবনটি খালি করার বিষয়ে আদালতের রায়ও রয়েছে। ওই রায় অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বাসাটি ছেড়ে দেওয়ার কথা থাকলেও এরপরও সেখানে বসবাস অব্যাহত রয়েছে।
এক সপ্তাহের মধ্যে বাসা খালি না করলে উচ্ছেদে প্রশাসনকে সহযোগিতা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা প্রশাসনের সিদ্ধান্তের বিষয়। প্রশাসন যদি উচ্ছেদে যায়, তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে উচ্ছেদ করা কঠিন।’
এদিকে অভিযানের সময় মোহাম্মদ ইদ্রিছ সাংবাদিকদের কাছে দাবি করেন, তাকে উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। আদালতের আদেশের কারণে তাকে উচ্ছেদ করা যাবে না বলেও দাবি করেন তিনি।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা পারভিন তানিয়া বলেন, ‘এখানে যেসব পরিবার আছে, তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। তা না হলে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।