চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত একটি বিদেশি নম্বর থেকে পাঠানো এসব বার্তায় ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারিও দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি নিজেই।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তায় লেখা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। অর্থাৎ, তাঁর পরিবারের ক্ষতি করার পাশাপাশি আগের মতো কার্যক্রম চালিয়ে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ছাড়া বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো।’ ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকি ওসিকে কাফনের কাপড় প্রস্তুত রাখার মতো ভয়াবহ হুমকিও দেওয়া হয়েছে।
এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৯০৪।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেওয়ার সময় হুমকির বার্তাগুলো পান।
ওসি বলেন, ‘সাধারণত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী। কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।’
হুমকি দেওয়া নম্বরটি দেশের ভেতর থেকেও ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে বিদেশ থেকে নম্বরটি পরিচালিত হওয়ার সম্ভাবনাই বেশি। বিদেশি নম্বর হওয়ায় সেটি শনাক্ত করতে সময় লাগতে পারে বলেও জানান ওসি। তবে এসব হুমকিতে তিনি ভীত নন বলে জানিয়েছেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।