দক্ষিণ পূর্ব

নোয়াখালীতে জমির সীমানা নিয়ে বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ০৭:১৩ সকাল
পঠিত : ৬
নোয়াখালীতে জমির সীমানা নিয়ে বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
Degchibarictg

 


নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম মনা (২১) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। এর আগে রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিনা আক্তার (৫২), তাঁর মেয়ে নাজমা বেগম (২৪) ও আবুল হোসেন (৪৮)। নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানাপিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা নিজ নিজ ঘরে ফিরে যান।


রাত ১০টার দিকে মনা তাঁর বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে আবারও বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তাঁর হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।


পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। পরে ছুরি নিয়ে ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসতঘরের সামনে যান। তখন মনা বাড়ির দরজার সামনে বসে মুঠোফোন ব্যবহার করছিলেন। এ সময় আরমান ও ফুয়াদ তাঁর ওপর হামলা চালান। তাঁরা মনার বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।


মনা মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে বাঁচাতে এগিয়ে যান মামুন। এ সময় হামলাকারীরা তাঁকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।


পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনা‌কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ইমরান খান বলেন, এ ঘটনায় নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


তিনি আরও বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে সোমবার দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।