দক্ষিণ পূর্ব

‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৫:৩৬ সকাল
পঠিত : ২২
‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

ছবি

বাংলাদেশ নৌবাহিনীর রণপ্রস্তুতি আধুনিকায়ন, আন্তঃবাহিনী কৌশলগত সমন্বয় এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) পেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

সোমবার (২৩ নভেম্বর) তাঁর এই পদকপ্রাপ্তির তথ্য জানানো হয়।

৩৮ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে এর আগে তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) অর্জন করেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ‘কমান্ডার বিএন ফ্লিট’ হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল ও কৌশলগত সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে।

এ সময়ে নৌবাহিনীতে প্রযুক্তিগত উদ্ভাবন ও আত্মনির্ভরশীলতা অর্জনে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন তিনি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কাউন্টার-ড্রোন ও আধুনিক মিসাইল ফায়ারিংয়ের মাধ্যমে নৌবহরের আঘাত হানার সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করা হয়। পাশাপাশি নৌবহরের দীর্ঘমেয়াদি রণপ্রস্তুতি নিশ্চিত করতে ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’-এর আধুনিকায়ন প্রক্রিয়া শুরু হয়।

সমুদ্রসীমায় তাৎক্ষণিক নজরদারি জোরদারে ‘ইনফরমেশন ফিউশন সেন্টার’ সচল করা, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, নিজস্ব ব্যবস্থাপনায় জাহাজ রক্ষণাবেক্ষণে ‘ফ্লিট মেইনটেন্যান্স গ্রুপ’ গঠন এবং ব্যয়সাশ্রয়ী আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি চালুর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে যৌথ সামরিক অনুশীলন এবং কৌশলগত সমন্বয়েও সফলতা অর্জন করেন। এতে তিন বাহিনীর পারস্পরিক আস্থা ও যৌথ অপারেশন পরিচালনার সক্ষমতা আরও জোরদার হয়।

এ ছাড়া আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশগ্রহণ এবং বন্ধুপ্রতিম দেশগুলোর যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর সফলভাবে পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি।

দেশের সামুদ্রিক ও মৎস্যসম্পদ সুরক্ষায় তাঁর তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৩০ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ জাল ও চোরাচালান করা সামগ্রী জব্দ করা হয়। এসব অভিযান জাতীয় অর্থনীতির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গভীর সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধার এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে মিয়ানমার কোস্ট গার্ড ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শত শত সদস্যকে নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।