চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অটোরিকশার চালকসহ আরও দুইজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে গরুসহ চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন পারভিন আক্তার (৪৫) ও শাহানা আক্তার (৪০)। পারভিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় এবং শাহানার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
গরুর মালিক বিজয় মল্লিক জানান, প্রতিবেশীর মাধ্যমে খবর পান, তাঁর গরু সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে খানমোহনা বেলতল এলাকায় গরুসহ দুই নারীকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আটক দুই নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে অটোরিকশার চালকসহ আরও দুইজন পালিয়ে গেছেন।
এদিকে ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা কুমকুম দে জানান, তিন দিন আগে তাঁর তিনটি গরু চুরি হয়েছে। দুই নারী আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। আটক নারীরা তাঁর গরু চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ সময় চুরি হওয়া গরুগুলো ফেরত পাওয়ার দাবি জানান কুমকুম দে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই নারীকে আটক করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা গরুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।