দক্ষিণ পূর্ব

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৪

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ১২:৫৩ দুপুর
পঠিত : ১
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৪
Degchibarictg

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নোহা গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী আহত হয়েছেন। অন্য দুর্ঘটনায় আহত হয়েছেন স্থানীয় এক গ্রাম পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন টেক এলাকার একটি গ্যাস পাম্পের সামনে চার চাকার লেগুনার ধাক্কায় তাসপিয়া সুলতানা নামে সাত বছরের শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ছৈয়দ নবী নামে স্থানীয় এক গ্রাম পুলিশ আহত হন।

নিহতের মা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মায়ের কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বাদাম কিনতে যায় তাসপিয়া। ফেরার পথে চট্টগ্রামমুখী একটি চার চাকার লেগুনার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাসপিয়ার বাড়ি বাঁশখালীতে। কয়েক মাস আগে পরিবারের সদস্যরা জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন টেক এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা লেগুনা ও চালককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং চালককে থানা হেফাজতে নেয়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলুয়ার দিঘির পাড় এলাকায় নোহা গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোহা গাড়িটি কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং সিএনজিচালিত অটোরিকশাটি পটিয়ার দিকে আসছিল। এ সময় নোহা গাড়িটি নিজ লেন ছেড়ে বিপরীত পাশে চলে এলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।