পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ায় প্রজ্জ্বলিত মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর )উপজেলার বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কাব ও স্কাউট সদস্যরা বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, দলীয় অনুশীলন ও চ্যালেঞ্জমূলক কর্মসূচিতে অংশ নেন।
ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের সক্ষমতা, দলগত কাজের মানসিকতা, পারস্পরিক সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কাউটার সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এএলটি। তিনি বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা শাখার কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামশুল হুদা।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা অংশগ্রহণকারী কাব ও স্কাউট সদস্যদের হাতে পুরস্কার ও ক্যাম্পের সনদপত্র তুলে দেন। এ সময় তাঁরা বলেন, স্কাউটিং শুধু প্রশিক্ষণমূলক কার্যক্রম নয়, বরং এটি শিক্ষার্থীদের দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্যও তাঁরা স্কাউট সদস্যদের প্রতি আহ্বান জানান।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, সেবার মানসিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।