পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ল্যাবে ঢুকে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় চোরেরা আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ল্যাবে থাকা ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারেন প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি জানান, সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি প্রতিষ্ঠান থেকে চলে যান। পরদিন সকালে এসে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে ল্যাবের ভেতরে থাকা ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম না থাকায় চুরির বিষয়টি নিশ্চিত হন।
প্রধান শিক্ষক বলেন, ‘চুরির ঘটনায় আমরা হতভম্ব। জানালার গ্রিল কেটে চোরেরা ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, বিদ্যালয়ের ফটকে থাকা সিসি ক্যামেরার সংযোগের তারও কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে চুরির সময়কার কোনো দৃশ্য ক্যামেরায় ধারণ হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।