চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস প্রক্রিয়ায় জালিয়াতি প্রতিরোধ এবং সেবা কার্যক্রম আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুন দুটি নম্বর যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা কাস্টমসের শুল্ক-কর এবং বন্দরের মাশুল পরিশোধের তথ্য সহজেই যাচাই করতে পারবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থায় ই-চালানে বিল অব এন্ট্রির আর নম্বর এবং বন্দরের মাশুল পরিশোধের নিশ্চিতকরণ নম্বর (সিপি নম্বর) যুক্ত করা হয়েছে। ফলে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ই-চালানেই কাস্টমসের শুল্ক ও কর পরিশোধের তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন।
চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি চূড়ান্তভাবে বের হওয়ার ক্ষেত্রে ই-চালান বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয়। নতুন দুটি নম্বর যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষে কাস্টমসের শুল্ক-কর এবং বন্দরের মাশুল পরিশোধের সত্যতা যাচাই করা আরও সহজ হবে।
বন্দর কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগের ফলে পণ্য খালাস ও সরবরাহ কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি বন্দরের ফটক দিয়ে পণ্যবাহী গাড়ি বের হওয়ার প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল হবে।
বন্দর কর্তৃপক্ষ আশা করছে, নতুন এ ব্যবস্থা চালুর ফলে পণ্য খালাস-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ে স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে বন্দরের পণ্য সরবরাহ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।
আর / দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।