মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চলে।
‘স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সেবা পখওয়ারা ২০২৬’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও বিভিন্ন সহকারী হাইকমিশনের উদ্যোগে ধারাবাহিকভাবে নানা সচেতনতামূলক ও সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
পতেঙ্গা সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনারসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পাশাপাশি চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশ নিয়ে সৈকতে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দেয়।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির থিম সংবলিত টি-শার্ট বিতরণ করা হয়।
কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও ট্যুরিস্ট পুলিশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সরাসরি সম্পৃক্ত করে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সৈকত পরিষ্কার রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতার বার্তাও তুলে ধরা হয়েছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।