চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাদকের বিস্তার রোধ এবং চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।