দক্ষিণ পূর্ব

পারকিতে ২৪ একর সরকারি জমি উদ্ধার, হচ্ছে আধুনিক পার্কিং ব্যবস্থা

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০১:৪৫ দুপুর
পঠিত : ৩৬
পারকিতে ২৪ একর সরকারি জমি উদ্ধার, হচ্ছে আধুনিক পার্কিং ব্যবস্থা

ছবি

Degchibarictg
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এসব জমিতে পর্যটকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

সম্প্রতি উদ্ধার করা জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখলমুক্ত করা হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সৈকতের পার্কিং এলাকার আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার করা জমি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এরফান অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধার করা জমিতে পারকি সমুদ্রসৈকতে আসা পর্যটকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আনোয়ারার অন্যতম পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতে ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বাড়লে যানবাহন পার্কিং নিয়ে ভোগান্তি তৈরি হয়। বিশেষ করে সৈকতের আশপাশে পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় পর্যটকদের সমস্যায় পড়তে হয়।

উদ্ধার করা জমিতে আধুনিক পার্কিং ব্যবস্থা চালু হলে পর্যটকদের দুর্ভোগ কমার পাশাপাশি সৈকতের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি জমি যেন আবারও বেদখল না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা। 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।