চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ক্ষতিকর উপাদান ব্যবহার ও জালিয়াতির অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, পাহাড়তলীর লোকনাথ ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুট ভাজাসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। এ ছাড়া খাদ্যপণ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পাহাড়তলী বাজারের মেসার্স কাউসার এন্টারপ্রাইজে খাদ্যদ্রব্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ফেনী স্টোরে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, তৃতীয় পক্ষের কাছ থেকে ঘি কিনে নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে ‘আর এন সুপার বাঘাবাড়ি’ নামের ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।