চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন মাসুম (২৮) নামে এক যুবককে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মো. আবুল হোসেন আজিম (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলীর একেখাঁন মোড় এলাকায় জাকির হোসেন রোডের পাশে সাজ্জাদের বন্ধু সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাদাত হোসেনের কাছে একদল সশস্ত্র দুর্বৃত্ত এক হাজার টাকা চাঁদা দাবি করে। শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় পথ দিয়ে যাওয়ার সময় বন্ধুকে আক্রান্ত হতে দেখে প্রতিবাদ করেন সাজ্জাদ।
এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা সাজ্জাদের বুকের ডান পাশে ও পেটের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাজ্জাদ ও শাহাদাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে সাজ্জাদের মৃত্যু হয়।
নিহত সাজ্জাদ নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ এলাকার মাহবুব আলমের ছেলে।
এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে ১৯ নভেম্বর পাহাড়তলী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। মামলায় চাঁদাবাজি, মারধর, হত্যাচেষ্টা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি আবুল হোসেন আজিমের অবস্থান পাহাড়তলী এলাকায় শনাক্ত করা হয়। পরে ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ঈদুলপুর এলাকার মৃত সফিক আহম্মদের ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।