বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আসন্ন স্থানীয় নির্বাচনে জনগণ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণ এ ধরনের উদ্যোগ সফল হতে দেবে না। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি দাবি করেন, সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সাহস দেখাচ্ছে না। তার ভাষ্য, দেশের অধিকাংশ জনগণ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে আন্দোলনে প্রস্তুত রয়েছে।
বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সরকারের দুর্নীতির কারণে ছয় মাসের মাথায় জনগণ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান শাহজাহান চৌধুরী। তিনি দায়িত্বশীল নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।