দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
শুক্রবার (৩০ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সরওয়ার জামাল নিজাম বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা মোকাবেলায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থেকে দলের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, গত সাত মাসে সরকার রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ চলছে। তবে এসব উদ্যোগ একটি পক্ষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ও বিভেদ ভুলে আনোয়ারার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে যুবদলের রয়েছে দীর্ঘ ও গৌরবোজ্জ্বল পথচলা। বিভিন্ন সংকট ও প্রতিকূল সময়ে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দল ও দেশের প্রয়োজনে যুবদলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্যসচিব মো. ফারুক হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। এ ছাড়া সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছেলে শাহয়াজ জামাল নিজাম সনিসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।