দক্ষিণ পূর্ব

সাত দফা দাবিতে খুলনা অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০২:৫০ রাত
পঠিত : ৩৮
সাত দফা দাবিতে খুলনা অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ছবি

Degchibarictg

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন। সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আয়োজকরা জানান, ঢাকা থেকে যাত্রা শুরু করে পদ্মা সেতু হয়ে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে পথসভা করবে লংমার্চের বহর। প্রায় সাড়ে ৪৫০ কিলোমিটার দীর্ঘ এ যাত্রায় ঢাকা থেকে ৬০০টির বেশি গাড়ি অংশ নিয়েছে। পথে আরও দেড় হাজার গাড়ি বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। ১৯টি জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্মসূচির সূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় বাগেরহাটের কাঁটাখালী মোড়, বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগরের বাবরী চত্বর, দুপুর ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড় এবং বিকেল ৫টায় ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে পথসভা করার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবি আদায়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ করেছিল ১১ দলীয় ঐক্য। ওই দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

পরবর্তী সময়ে ছয় দফার সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়ে তা সাত দফায় রূপ নেয়। গত ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চে আঞ্চলিক দাবি হিসেবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়টিও যুক্ত করা হয়।

পরপর দুটি লংমার্চে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া কর্মসূচি সফল করতে জোর প্রস্তুতি নেয় জামায়াত নেতৃত্বাধীন জোট। আয়োজকদের প্রত্যাশা, আগের দুটি কর্মসূচির তুলনায় এবারের লংমার্চে আরও বড় জনসমাগম হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।