প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার পর দায়িত্ব হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে তাঁকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রীর দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন তিনি।
বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া স্লোগানটিকে হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, তিনি পরবর্তী পদায়নের আশায় তোষামোদ করছেন। তবে তাঁর মতে, এটি একটি শাশ্বত বাণী।
তিনি আরও বলেন, যাঁদের মধ্যে দেশপ্রেম নেই, তাঁরা এই স্লোগান অস্বীকার করতে পারেন। এমনকি ধর্মীয় ব্যক্তিরা একই স্লোগান দিলে এত দিনে সেটি হাদিস হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গও টানেন তিনি। পরে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই মধ্যে মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হলো। অন্যদিকে, ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।